Bankim Chandra Chattopadhyay
বঙ্কিমী শৈশব: নৈহাটির কাঁটালপাড়ায় বনেদী বাড়ি যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের।ইংরেজ সরকারের দোর্দণ্ডপ্রতাপ ডেপুটি। তাঁর সেজছেলে বঙ্কিমের হবে হাতেখড়ি। বয়স পাঁচ। কুলপুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্য কাছেই মাদরালে থাকতেন। বিশ্বম্ভর ঠাকুর হাতেখড়ি দেবেন। স্লেটে ‘ক’ ‘খ’ লিখে আঁক কাটতে বলছেন গুরুমশাই। মাত্র একবার শিক্ষণেই গোটা বর্ণমালা মুখস্থ করে হুবহু লিখে দিলেন শিশু বঙ্কিম। উপস্থিত সকলে হতবাক।বঙ্কিম পাঠশালায় যাবেন না। গৃহশিক্ষক রামপ্রাণ সরকারপড়াবেন বঙ্কিমকে। শিশুবোধক মারফৎ বর্ণ পরিচয় হত সেকালে। শিক্ষক ‘অলম’ ‘অবশ’ পড়াচ্ছেন, ততক্ষণে বঙ্কিমের বহুদূরের ‘জশম’ ‘পশম’ শেখা হয়ে গিয়েছে। শিক্ষক পড়াবেনটা কী? এক বছরের পাঠ্যক্রম একমাসেই শেষ। গৃহশিক্ষকের চাকরি যাওয়ার উপক্রম। ১৮৪৬’এ বঙ্কিমের পিতৃদেব মেদিনীপুরে বদলি হলেন। পিতার সঙ্গে এলেন মেজ ও সেজ ছেলে—সঞ্জীবচন্দ্র ও বঙ্কিমচন্দ্র। দুজনে একই স্কুলে ভর্তি হলেন। তাঁদের সহপাঠী মেদিনীপুর থানার দারোগার ছেলে। ছোটবেলা থেকেই ছড়া কাটা ছিল বঙ্কিমের নেশা। সহপাঠীর মহামহিম পিতৃদেব, থানার দারোগাকে নিয়েও ছড়া বাঁধা হল। ‘দেখোভাই—দারোগাকানা/ ঘোড়াও কানা/ সহিসও কানা/ তিন কানায় মিলে বানায়/ কোতোয়ালি থানা’। স্বয়ং দারোগার কানে পৌঁছল সম্ভ্রমহানিকর এই ছড়া। দারোগার আদুরে ছেলে কেঁদে ভাসাল। দারোগা ছুটলেন প্রধান শিক্ষকের কাছে বিহিত চাইতে। প্রধান শিক্ষক জানতে চাইলেন এরকম কপোলকল্পনার অর্থ? বঙ্কিম বললেন যাঠিক, তাই তিনি লিখেছেন। প্রধান শিক্ষক চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনে তদন্তে গেলেন। দেখলেন দারোগা, তার সহিস ওঘোড়া—সকলেই একচক্ষু বিশিষ্ট, কানা। সুতরাং বঙ্কিম নিরপরাধ! এই ছড়া কাটার অভ্যাস সাহিত্য জীবনেও পিছু ছাড়েনি। উপন্যাস বিষবৃক্ষ। অধ্যায় ‘হীরার আয়ি’। ‘হীরারআয়ি বুড়ি/ গোবরের ঝুড়ি।/ হাঁটে গুড়ি গুড়ি,/ দাঁতে ভাঙে নুড়ি/ কাঁঠাল খায় দেড় ঝুড়ি’। ছড়ার ছড়াছড়ি কপালকুণ্ডলা বা ইন্দিরাতে। ইন্দিরাতে সুভাষিণীর মেয়ে হেমা ছড়া কাটে ‘চলে বুড়ি শোনের নুড়ী/ খোঁপায় ঘেঁটু ফুল,/ হাতে নড়ি গলায় দড়ি/ কানে জোড়া দুল’। আনন্দমঠের জনপ্রিয় ছড়া—‘দড়বড়ি ঘোড়া চড়ি কোথা তুমি যাওরে/ সময়ে চলিনু আমি হামে না ফিরাও রে’।বাড়ির কাছে কাঁটালপাড়ার পাঠশালাতে বঙ্কিম মাঝে মধ্যেধূমকেতুর মতো উদয় হতেন। রাশভারী গুরুমশাই স্বভাবোচিত গাম্ভীর্যে বেত ঠুকে পোড়োদের বলতেন ‘লেখ্ লেখ্ শুয়োরেরা’। বঙ্কিম পাঠশালায় ঢুকলে গুরুমশায় তাঁকে একটু বেশিই খাতির-যত্ন করতেন। ডেপুটির ছেলে, তায়কুলীন ব্রাহ্মণ। বেতের মালিকানা বদলে যেত বঙ্কিমের হাতে। গতকাল যারা বঙ্কিমের তাস খেলার দোসর হয়নি, শাস্তিস্বরূপ তাদের পিঠে বেতের দু’-এক ঘা পড়ত। তিনি কেবল তাস খেলাতেই দড়। দৌড়ঝাঁপ করে ফুটবল, বা অন্য খেলা না পসন্দ। একবার তাঁর বাড়ির কাছে গঙ্গার ঘাটে লালমুখো সাহেব-সেনাদের নৌকো ভিড়ল। পশ্চিম থেকে কুচকাওয়াজ সেরে কলকাতায় ফেরার পথে খানিক বিশ্রাম বা প্রাতঃকৃত্যাদি সারার প্রয়োজনে গঙ্গার ঘাটে নোঙর ফেলা। যেকোনও বাড়িতে ঢুকে এইসময় তারা যথেচ্ছ অত্যাচারও চালিয়েছে। সাহেবদের দেখে বঙ্কিমের বাড়ির দোরদোড়ায় দাঁড়ানো এক বেগুনওয়ালা প্রাণভয়ে তার ঝুড়ি-ভর্তি বেগুন ফেলে দিল চম্পট। অকুতোভয় ছোট্ট বঙ্কিম লাঠি-হাতে বাড়ির দরজায় দণ্ডায়মান। এক সেনা বঙ্কিমকে ইংরেজিতে কিছু বলল, তারপরে চলেও গেল নতমস্তকে। বিস্মিত সকলে... বঙ্কিমের দুঃসাহসে। তাঁর লাঠি-প্রীতি ভাস্বর ‘চন্দ্রশেখর’, সীতারাম বা ‘দেবী চৌধুরানী’তে। নিদর্শন: ‘লাঠি, তুমি বাঙ্গালায় আব্রু পর্দ্দা রাখিতে। মান রাখিতে, ধান রাখিতে, ধন রাখিতে, জন রাখিতে, সবার মন রাখিতে’।১৮৪৯-এর ফেব্রুয়ারি মাস। বঙ্কিম তখন ১০ বছর ৮ মাস। কাঁটালপাড়ার কাছেই নারায়ণপুর গ্রামে নবকুমার চক্রবর্তীর ৫ বছরের মেয়ে মোহিনীর সঙ্গে বিয়ে হল। রামমোহনের বড় ছেলে নবকুমার। মূলত, বড়দা শ্যামাচরণের আগ্রহ-আতিশয্যে এই বিয়ে। মোহিনী নাকি ছিলেন অপরূপা। বিয়েতে প্রচুর স্ত্রীধনও লাভ হয়েছিল। বঙ্কিমের কবিতার খাতা ছিঁড়ে মোহিনী পুতুলের বাসরশয্যা রচনা করলেন। রাগে অগ্নিশর্মা বঙ্কিম বললেন ‘তুমি, আমার জামাকাপড় ছিঁড়েই পুতুলের শয্যা বানাতে পারতে’! মোহিনী ছেঁড়া কাগজ আঠা দিয়ে জোড়ার প্রস্তাব দিলেন। বঙ্কিম বললেন ওরকম কবিতা তাঁর বাঁয়ে হাত কি খেল! সারা রাত ঘরেরদরজা বন্ধ, বঙ্কিম মশগুল কবিতায়। শেষ রাতে দরজা খুলে একগোছা কবিতা মোহিনীর কোলে ছুঁড়ে দিলেন। ভাবখানা, তিনি কি এতই অকর্মা, একটা ছিঁড়ে গেলে হাজারটা কবিতা নিমেষে লিখে দেবেন! তখন তিনি হুগলি কলেজের (বর্তমানে মহসিন কলেজ) ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্র, বৃত্তি পেলেন পরপর দু’বার। বৃত্তির টাকায় পরম প্রেমাস্পদ মোহিনীকে দু’জোড়া সোনার কানের দুল ও একটি চুলের কাঁটা উপহার দিয়েছিলেন।রাতে মেজদা সঞ্জীবচন্দ্র দেখতেন, বঙ্কিম একাগ্রচিত্তে পঠনপাঠনে মগ্ন। ভোরবেলায় উঠেও দেখতেন বঙ্কিম নিমগ্ন পাঠে। বেচারা কি সারারাত পড়ে? বাড়ির সকলে নিদ্রামগ্ন হলে রোমিও-জুলিয়েটেরআখ্যানকেও হার মানিয়ে চুপিসারে দেড় মাইল দূরের নারায়ণপুরে শ্বশুরবাড়িতে বঙ্কিম প্রত্যহ নবোঢ়া স্ত্রীর কাছে অভিসারে যেতেন। ভোরের আলো ফোটার আগেই ফিরে আসতেন। এই প্রণয়পিপাসার অকপট স্বীকারোক্তি ‘চন্দ্রশেখর’ উপন্যাস। ‘এইরূপে ভালোবাসা জন্মিল। প্রণয় বলিতে হয় বল,না বলিতে হয় না বল। ষোলো বৎসরের নায়ক, আট বৎসরের নায়িকা। বালকের ন্যায় কেহ ভালবাসিতে জানে না’। বিএ পাশকরার সঙ্গে সঙ্গেই ২১ বছরে যশোরে ডেপুটির চাকরিতে নিযুক্ত হন বঙ্কিম। একটু থিতু হয়ে স্ত্রী মোহিনীকে নিয়ে যাবেন, এমনটাই চিঠিতে লিখেছিলেন। স্বামী গরবিনী মোহিনীও আহ্লাদে আটখানা। হঠাৎই কয়েকদিনের জ্বরে মোহিনী মারা গেলেন (১৮৫৯-র জুলাই)। বাবা-দাদারা মৃত্যুসংবাদ দিলেও মোহিনীর অন্ত্যেষ্টিতে বঙ্কিম উপস্থিত ছিলেন না। শোকে বিষাদে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শুধু বাল্য উপহারের দুজোড়া কানের দুল ও চুলের কাঁটাটা তাঁর কাছে পাঠিয়ে দিতে বলেছিলেন। দ্বিতীয়া স্ত্রী রাজলক্ষ্মীকেও দুল বা চুলের কাঁটাটি দেননি বহুদিন। জ্যেষ্ঠ কন্যা শরৎকুমারী জন্মানোর পরে মোহিনীর এই উপহার রাজলক্ষ্মীদেবীকে সম্প্রদান করেন।ছন্নছাড়া, বিরহী বঙ্কিম। প্রাণাধিক স্ত্রীর অকালপ্রয়াণে কোনও কাজে মন বসে না। দাদারা ফের বিয়ের পীড়িতে বসবার জন্য ঝুলোঝুলি করছেন। নাছোড় বঙ্কিম। অগত্যা বাবা-মা-র আদেশ। বিয়েতে নিমরাজি তিনি। ছুটি নিয়ে দীনবন্ধু মিত্র হাজির। বিরাট নৌকো, তাতে দীর্ঘকালের রসদ নিয়ে বেরনো হবে পাত্রী অন্বেষণে। ঘরের কাছেই হালিশহরে একটি পাত্রী দেখে তারপর অন্যত্র যাওয়া হবে। হালিশহরের পাত্রীটি পছন্দ হল। কিন্তু এত স্বল্প সময়ে বিয়ের প্রস্তুতিতে মেয়ের বাবা অপারগ। বঙ্কিমের নতুন চাকরিতে আবার বেশিদিনের ছুটি মিলবে না। মুশকিল আসান করলেন দাদা সঞ্জীবচন্দ্র। মেয়ের বাবাকে বললেন পাঁচটি হরিতকী দিয়ে কন্যা সম্প্রদান করতে। আর কিছু তাঁদের চাই না। পাঁচ হরিতকীর বিনিময়ে বঙ্কিম-রাজলক্ষ্মীর বিয়ে সুসম্পন্ন হল।উপন্যাসের অন্তরালেসাহেবিয়ানার মোহেই হয়তো ১৮৬৪’তে প্রথম উপন্যাস ‘রাজমোহনস ওয়াইফ’ বঙ্কিম লিখেছিলেন ইংরেজিতে। সাপ্তাহিক ‘ইন্ডিয়ান ফিল্ডে’ ধারাবাহিকভাবে প্রকাশিতহয় ‘রাজমোহনস ওয়াইফ’। পাঠকমহলে কোনোদিনই বিশেষ সমাদৃত নয় এটি। পরের উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’, প্রকাশকাল ১৮৬৫। বঙ্কিম তখন ২৬ বছরের। ‘সংবাদ প্রভাকর’ বাংলার প্রথম সফল ঔপন্যাসিক হিসেবে বঙ্কিমকে রাজটীকা পরাল। কিন্তু সংস্কৃত পণ্ডিতেরা বঙ্কিমের উপর বেজায় চটলেন।তাঁদের অভিযোগ, ‘দুর্গেশনন্দিনী’ গুরুচণ্ডালী দোষে দুষ্ট। যেমন ‘সোমপ্রকাশ’ সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ বা রামগতি ন্যায়রত্ন। সোমপ্রকাশ বঙ্কিম ওতাঁর পারিষদদের আখ্যায়িত করল ‘শবপোড়া মরাদাহের’ দল বলে। বঙ্কিমের লেখনী শবদাহের পরিবর্তে শবপোড়ার মত অশুদ্ধ প্রয়োগে দীর্ণ। হিন্দু পেট্রিয়ট বা তখনকার প্রখ্যাত সমালোচক তারকনাথ বন্দ্যোপাধ্যায় ‘দুর্গেশনন্দিনী’কে কুম্ভীলকবৃত্তিরদায়ে অভিযুক্ত করলেন। ওয়াল্টার স্কটের ‘আইভ্যানহো’র বহু অনুচ্ছেদ নাকি বঙ্কিম সরাসরি টুকেছেন। দুর্গেশনন্দিনীরআয়েষা চরিত্রটি নাকি হুবহু ‘রেবেকা’র নকল। দা ব্রেইসি রেবেকাকে বিয়ে করতে পাগল হয়ে ওঠে, বা বয় গিলবার্ট যেভাবে রেবেকাকে মানিয়ে বুঝিয়ে অপহরণ করে, বা পরবর্তীতে আইভ্যানহো-র সঙ্গে রেবেকার প্রণয় বা সেড্রিক-রোয়িনা-র সম্পর্ক—সবই নাকি দুর্গেশনন্দিনীতে আছে। বঙ্কিম তাঁর সুহৃদ-ত্রয়ী চন্দ্রনাথ বসু-শ্রীশচন্দ্রমজুমদার-কালীনাথদত্তকে অকপট সারল্যে বলেছিলেন, ‘আইভ্যানহো’ জীবনে কোনোদিন উল্টেও দেখেননি। বঙ্কিমের জীবদ্দশাতেই দুর্গেশনন্দিনীর১৩টি সংস্করণ নিঃশেষিত হয়।‘কৃষ্ণকান্তের উইল’ প্রকাশিত হয় ১৮৭৮-এর ভাদ্রে। প্রকাশের পরেই বিতর্কের ঝড় উঠল, বঙ্কিম কেন ‘রোহিণী’কে মেরে ফেললেন। অতিষ্ঠ বঙ্কিম বললেন “ঘাট হয়েছে”। বালবিধবা রোহিণী হরলালের প্রেমে হাবুডুবু খেয়ে উইলচুরির মতো অনৈতিক কাজ করে। কামতাড়নায় হরলালকে ছেড়ে আবার গোবিন্দলালের প্রতি অনুরক্ত হয়। শরৎচন্দ্রও রোহিণীর এই খুনকে মেনে নিতে পারেননি। বিশেষত, পিস্তলের গুলিতে মারা যাওয়া, তারপরে গোরুর গাড়িতে লাশ হয়ে চালান যাওয়ার মতো বিষয়টি। চৌর্য, লাম্পট্য বা বিশ্বাসঘাতকতাকেবঙ্কিম ঘৃণা করতেন। বিরক্ত বঙ্কিমের কৈফিয়ত, ‘কাব্যগ্রন্থ মনুষ্যজীবনের কঠিন সমস্যা সকলের ব্যাখ্যা মাত্র, একথা যিনি না বুঝিয়া, বিস্মৃত হইয়া কেবল গল্পের অনুরোধে উপন্যাস পাঠে নিযুক্ত হয়েন, তিনি এ সকল উপন্যাস পাঠ না করিলেই বাধ্য হই।’ স্যার আশুতোষের বড় মেয়ে কমলার সঙ্গে বিয়ে হয় বঙ্কিমের নাতি শুভেন্দু সুন্দর বন্দ্যোপাধ্যায়ের(বড় মেয়ে শরৎকুমারীর ছোট ছেলে)। অকালে টাইফয়েডে শুভেন্দু মারা গেলে আশুতোষ আবার কমলার বিয়ে দিতে চাইলেন। বঙ্কিম ও রাজলক্ষ্মী—দু’জনেরই এই বিয়েতে প্রবল আপত্তি ছিল। বিবাদ আদালত পর্যন্ত গড়াল। জিত হল আশুতোষের। বিধবাবিবাহের প্রতিও বঙ্কিম বরাবর বিরূপ ছিলেন। বিধবাবিবাহের অবিমৃষ্যকারীতায়‘বিষবৃক্ষ’ উপন্যাসে বঙ্কিম বিদ্যাসাগরকেও একহাত নিয়েছেন। কমলমণি সূর্যমুখীকে (বিষবৃক্ষ) একটি চিঠিতে লিখছে “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে কলিকাতায় কে না কি বড় পণ্ডিত আছেন, ... যে বিধবা বিবাহের ব্যবস্থা দেয়, সে যদি পণ্ডিত হয় তবে মূর্খ কে?” (পৃঃ ২২৭, বঙ্কিম রচনাবলি, সাহিত্য সংসদ)।দ্বিজেন্দ্রনাথ ঠাকুর অভিযোগ করেছিলেন, বঙ্কিমের ‘বিষবৃক্ষ’ নাকি তাঁর ‘স্বপ্নপ্রয়াণ’ উপন্যাসের অক্ষম অনুকরণ। দ্বিজেন্দ্রনাথ তার ‘স্বপ্নপ্রয়াণে’র পাণ্ডুলিপি ‘বঙ্গদর্শনে’ ছাপানোর জন্য পাঠিয়েছিলেন। তাঁর ভাষায়: তিনি সবগুলি ছাপান নাই। কিন্তু তাঁহার বিষবৃক্ষের মধ্যে ঠিক সেইরকম ছবির অবতারণা করিয়া বসিলেন।... বাড়ির মধ্যে গৃহস্থ বধূ গাড়ি হাঁকাইলেন, এ চিত্র একেবারে সুশোভন হইল না। কিন্তু এইরকম চিত্র সমাবেশের আইডিয়াটা যে তিনি আমার রচনা হইতে পাইয়াছিলেন, সে বিষয়ে আমার সন্দেহ নাই। ‘স্বপ্নপ্রয়াণে’র প্রথম অনুচ্ছেদ মনোরাজ্য প্রয়াণ ‘বঙ্গদর্শনে’র পাতায় ছাপা হয় ১৮৭৩-এর জুলাইতে। ‘স্বপ্নপ্রয়াণে’র ওই বিশেষ অংশটি প্রকাশের সাত-আট মাসে আগেই ১৮৭২’এ বিষবৃক্ষ প্রকাশিত বঙ্গদর্শনের পাতায়। পাণ্ডুলিপি পড়া, আর তার ছায়া অবলম্বনের কোনও সুযোগ সহজ গাণিতিক নিয়মেই সম্ভব নয়। আর দ্বিজেন্দ্রনাথ তো ছিলেন ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার কর্ণধার। সেখানে তিনি এই নকলনবিসির প্রতিবাদ করতেই পারতেন!কেন করলেন না? আরও আশ্চর্যের, তাঁর ‘আইডিয়া’ বেমালুম চুরি করা হচ্ছে জেনেও কেন ‘বঙ্গদর্শনে’ তাঁর লেখা ছাপিয়ে গেলেন? ‘বঙ্গদর্শনে’র মতো বড় পত্রিকার মোহ দ্বিজেন্দ্রনাথের পক্ষেও তাহলে ত্যাগ করা মুশকিল ছিল? এই বিতর্ক যখন মাথাচাড়া দিল, বঙ্কিম তখন আর ইহজগতে নেই। সুতরাং বঙ্কিমের প্রতিক্রিয়া অমিল।প্রতিবাদী বঙ্কিমবঙ্কিম ১৮৮১’তে হুগলি থেকে হাওড়ায় বদলি হয়ে এলেন। সেইসময় হাওড়া মিউনিসিপালিটি একটি বিজ্ঞপ্তি জারি করে: কোনও ‘কমবাসটিবল’ অর্থাৎ জ্বলনশীল বা দাহ্য পদার্থে ঘর ছাওয়া চলবে না। বাংলা অনুবাদে জ্বলীয় বা জ্বলনশীল হয়ে গেল জলীয়। নিরক্ষর এক বৃদ্ধা বিজ্ঞপ্তিটি পাশের বাড়ির কাউকে পড়িয়েছিলেন। লেখা ছিল‘জলীয়’ পদার্থে অর্থাৎ তরল জল জাতীয় পদার্থে ঘর ছাইতে নিষেধ করা হচ্ছে। বৃদ্ধা নিশ্চিন্তে খড় দিয়ে ঘর ছাইলেন। মিউনিসিপালিটি তাকে জরিমানা করল। বিচারের ভার পড়লো বঙ্কিমের উপর। বঙ্কিম দেখলেন বাংলা বানানে ‘জ্বলীয়’ বা দাহ্য হয়েছে ‘জলীয়’; বৃদ্ধার তো কোনও অপরাধ নেই! সুতরাং বিজ্ঞপ্তিটি অচল। বিচারক বাকল্যান্ড সাহেব বললেন, স্বজাতীয়দের প্রতি ঝোল টেনে বঙ্কিম অপরাধ করেছেন। বাকল্যান্ডের এই বেয়াদপি বঙ্কিম মানলেন না। কারণ, বাকল্যান্ড তাঁর ঊর্ধ্বতন অফিসার নন। নিঃশর্ত ক্ষমা না চাইলে বাকল্যান্ডের এই ঔদ্ধত্য যে তিনি কমিশনার ‘বিমস’ সাহেবকে জানিয়ে দেবেন, তাও বললেন। এবার ভয় পেলেন বাকল্যান্ড। স্তম্ভিত হলেন এক ‘নিগারে’র স্পর্ধায়। তোষামোদ করলেন। নাছোড় বঙ্কিম। অবশেষে বাকল্যান্ড লিখলেন : I regret I passed the above remarks, I withdraw them.বিএ পাশ করার সঙ্গে সঙ্গে তৎকালীন বাংলার ছোটলাট ফ্রেডরিক হ্যালিডে মুখ্যসচিব এ আর ইয়ংকে বঙ্কিমের কাছে পাঠালেন ডেপুটি ম্যাজিস্ট্রেটেরচাকরির প্রস্তাবনা দিয়ে। ইয়ং জিজ্ঞেস করলেন, ‘কি হে ছোকরা রাজি তো’? বঙ্কিম নিবাত-নিষ্কম্প।ইয়ং আশ্চর্য হয়ে আবারও নতজানু। ‘তুমি কি আরও বেশি কিছু আশা কর’?গুরুগম্ভীর কণ্ঠে বঙ্কিমের উত্তর, ‘বাবার অনুমতি ছাড়া আমি চাকরি করতে পারব না।’ বাবা অনুমতি দিলেন। ১৮৫৮’র ৭ইআগস্ট তিনি যশোরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে চাকরিতে যোগ দিলেন। বয়স বছর বাইশ তেইশ, খুলনার ম্যাজিস্ট্রেট তিনি তখন। ক্ষ্যাপাটে লালমুখো এক নীলকর সাহেব হাতির শুঁড়ে জ্বলন্ত মশাল বেঁধে একটা গোটা গ্রামকে জতুগৃহে পরিণত করেছিল। উদ্যত পিস্তল হাতে দাপিয়ে বেড়াচ্ছিল। দারোগা-পুলিস তাকে গ্রেপ্তার না করে রীতিমতো ভয়ে মরছিল। সাহেবকে গ্রেপ্তার করে হাইকোর্টে চালান করলেন নির্ভীক বঙ্কিম। সেইসময় সাক্ষ্য দিতে তাঁকে বেশ কয়েকবার হাইকোর্টে যেতেও হয়। ষাঁড় বা গোরু দেখলে যিনি ভয়ে পালাতেন, বাড়ির রথে দত্যিদানোর বিকট মুখোশ দেখে ঘর থেকেই বেরতেন না, এমনকী মই বেয়ে জীবনে ছাদে উঠতে পারেননি, সেই বঙ্কিম কিন্তু তাঁর চাকরিজীবনে বারেবারে সাহেবদের রক্তচক্ষুকে হেলায় পদদলিত করেছেন।সাল ১৮৭৪, ১৫ই ডিসেম্বর। বঙ্কিমের জীবনের কালাদিবস। তখন তিনি বহরমপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। এজলাস শেষে পাল্কিতে চেপে বাড়ি ফিরছিলেন। পথে ‘স্কোয়ারল্যান্ড’ নামে একটা মাঠ পেরতে হতো। কর্নেল ডাফিন তখন সদলবলে মাঠে ক্রিকেট খেলছিলেন। বঙ্কিমের পরিচিত জর্জ বেনব্রিজ, রেভারেন্ড বার্লো, রবার্ট হ্যান্ড, লালগোলার প্রথিতযশা ব্যক্তিত্ব যোগীন্দ্রনারায়ণরায় ও দুর্গাচরণ ভট্টাচার্যরা সশরীরে মাঠে হাজির। ডাফিন বঙ্কিমকে মাঠের মধ্যে দিয়ে যেতে নিষেধ করলেন। বঙ্কিমের বিনীত প্রত্যুত্তর, ‘এটি খেলার মাঠ নয়, যাতায়াতের রাস্তা।’ রাগে অগ্নিশর্মা ডাফিন বঙ্কিমকে পাল্কি থেকে নামিয়ে কিল-চড় মেরে যথেচ্ছ গালাগাল করলেন। বঙ্কিমচন্দ্র প্রথমে সাহেবদের শরণাপন্ন হলেন, তাঁরা তো এই অন্যায় ঘটনার সাক্ষী! বেনব্রিজ বললেন, ক্ষীণদৃষ্টি হওয়াতে তিনি কিছুই দেখতে পাননি। অন্য সাহেবরাও বেনব্রিজের পদাঙ্কঅনুসরণ করলেন। রুখে দাঁড়ালেন যোগীন্দ্রনারায়ণএবং দুর্গাশঙ্কর। পরেরদিন জেলা জজ সি ডি সি উইন্টারের এজলাসে ডাফিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকলেন। ডাফিন কোনও উকিল পেলেন না। বহরমপুরের সব উকিল বঙ্কিমের সমব্যথী। বিচারের দিন ধার্য হতে বেনব্রিজ ছুটে এলেন, উইন্টারের ঘরে রুদ্ধদ্বার আলোচনা চলল। বঙ্কিম ও ডাফিন—দু’জনকেই ঘরে ডেকে নেওয়া হল। রুদ্ধদ্বারে মামলাটি মিটিয়ে নেওয়ার জন্য বঙ্কিমকে সকলেই অনুরোধ করলেন।বঙ্কিম রাজি নন, ডাফিনও প্রকাশ্যে ক্ষমা চাইবেন না। অগত্যা বিচারপতির নির্দেশে ভরা এজলাসে টানটান উত্তেজনায় ডাফিন বঙ্কিমচন্দ্রের হাত ধরে ক্ষমা ভিক্ষা করলেন। শুধু একজন বাঙালির অক্ষয় কৃতিত্বে বিজয়রথে সওয়ার হওয়ার জন্যই ঘটনাটি ইতিহাসে ভাস্বর নয়... একজন সাহেবের স্বজাতিপ্রীতি তুচ্ছ করে ন্যায়ের পথে অবিচল থাকার জন্যও ঘটনাটি অবিস্মরণীয়।

Comments
Post a Comment