Manabendra Mukhopadhyay

বিখ্যাত গায়ক গায়িকাদের কণ্ঠ নকল করে অনেকেই গান গায় I পাড়ায় পাড়ায় মাচার ফাংশনে , কিশোর কন্ঠী , রফি কন্ঠী , লতা কন্ঠী , আশা কন্ঠীদের ছড়াছড়ি I কিন্তু আজ পর্যন্ত একজনও মানবেন্দ্র কন্ঠী দেখিনি I মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো গান যে করতে পারবে , সে আর কারো কন্ঠী হবে না , সে নিজেই তখন একজন শিল্পী হয়ে উঠবে , তাই মানবেন্দ্র কন্ঠী কেউ হয়না Iএখনকার প্রজন্ম জানেই না , কে এই মানবেন্দ্র মুখোপাধ্যায় , কেমন শিল্পী ছিলেন তিনি Iমেহদি হাসানের গজলের পাগল-ভক্ত ছিলেন। উল্টো দিকে মেহদি হাসান?রবীন্দ্রসদনে গাইতে এসেছেন। তার আগে শুনেছেন কলকাতায়আরেকজন ‘মেহদি হাসান’ আছেন। মানবেন্দ্র মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে আলাপ করার খুব শখ। সংগঠকরা সে কথা জানতেন।দর্শকাসনে মানবেন্দ্রকে বসতে দেখে তাঁরা মেহদিকে জানাতেই মঞ্চ থেকে উনি বলে উঠলেন, ‘‘মানবেন্দ্রজি,আপনি একবার উঠে দাঁড়ান। আমি একবার অন্তত আপনাকে দেখতে চাই।’’প্রায় একই রকম ছিল লতা মঙ্গেশকরের সঙ্গে ওঁর পরিচয়-পর্ব। কলকাতায় ‘হোপ এইট্টিসিক্স’। সারা ভারতের বহু নামী শিল্পীদের সঙ্গে লতা মঙ্গেশকরও এসেছেন। গ্রিনরুমে তাঁর সঙ্গে আলাপ করতে গেলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। হাতজোড় করে প্রণাম করে নাম বলতেই, লতাজি ভ্রু তুলে চমকে উঠে বললেন, ‘‘মানবেন্দ্রজি,আপ উও গানা গায়ে থে! হাম তো কুচভি নেহি গা পায়ে।’’কী ব্যাপার?এর আগে সলিল চৌধুরীর সুরে অসম্ভব শক্ত তাল-লয়-সুরের দুটি গানের রেকর্ড করেন মানবেন্দ্র। যার এক পিঠে ‘যদি জানতে গো’। অন্য পিঠে ‘আমি পারিনি বুঝিতে পারিনি’। এর যখন হিন্দি ভার্সান করতে যাবেন, লতা মঙ্গেশকরের কাছে গিয়েছিলেন সলিল। গান শুনে লতাজি বলেছিলেন, ‘‘সলিলদা, এ অসম্ভব। এ কেউ গাইতে পারবে না।’’ উত্তরে সলিল চৌধুরী বলেছিলেন, ‘‘এ গান অলরেডি বাংলায় রেকর্ডেড। মানবেন্দ্রমুখোপাধ্যায়ের।’’সেই বাংলা গান শুনে লতা এতটাই মুগ্ধ হয়েছিলেন, প্রথম আলাপে তাই ওঁর ওই কথাটাই মনে পড়ে যায়।মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুর মানেই জটিল। অথচ তিনি নিজে যখন সেই একই গান গেয়ে ওঠেন মনে হয়, এর চেয়ে সহজ কাজ পৃথিবীতে আর হয় না।এ কথা স্বীকার করতেন মান্না দেও। ‘ইন্দিরা’ ছায়াছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে গাইবেন তিনি। দুটি গানের সুর করলেন মানবেন্দ্র। ‘ঝর ঝর বৃষ্টিতে’ আর ‘আজি মলয় মন্দ বহিয়া’।মানবেন্দ্রর যাদবপুরের নর্থ রোডের বাড়িতে এলেন মান্না দে। গানের মহলা। শুনলেন গান। এর পর যত বারই গাইতে যাচ্ছেন, তত বারই বলছেন, ‘‘মানববাবু, এ আপনার মতো হচ্ছে না।’’প্রতি বারই আশ্বাস, ‘‘কী বলছেন মান্নাদা! এ গান আপনি অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন।’’— তবু মান্না দে’র কুণ্ঠাবোধ শেষ অবধি যায়নি।ইন্টার কলেজিয়েট কম্পিটিশন। সেখানে কীর্তন, টপ্পা, ঠুংরির সঙ্গে রবীন্দ্রসঙ্গীতওগাইতে হবে। বাকিগুলো নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু রবীন্দ্রসঙ্গীত?বাড়ির পরিবেশ ভরপুর গানের, কিন্তু কোনও দিন রবীন্দ্রসঙ্গীতের চর্চা তেমন করা হয়নি। কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায়। দিকপাল সঙ্গীতজ্ঞ। বললেন, ‘‘জর্জ বিশ্বাসের (দেবব্রত বিশ্বাস) কাছে যা। পারলে ওই তোকে গাইড করতে পারবে।’’ভোরে লেকে জগিং করার অভ্যাস ছিল মানবেন্দ্রর। জর্জ বিশ্বাস তখন থাকতেন সাদার্ন অ্যাভিনিউ-এ। দিনভর তাঁর বাড়ির দরজা খোলা। জগিং সেরে ঢুকে গেলেন দরজা ঠেলে। এলোমেলো ঘর। মশারি টাঙানো। ঘুমিয়ে আছেন দেবব্রত বিশ্বাস। সটান মশারি তুলে হাত দিয়ে তাঁকে ঠেলাঠেলি করতেই উনি ধড়মড়িয়ে উঠে বসে বললেন, ‘‘আপনি ভারী অসভ্য ইতর লোক তো! না বলে কয়ে ঘরে ঢুকে ঘুমন্ত লোককে তুলে দিচ্ছেন!’’ভয়ে দু’পা পিছিয়ে দাঁড়িয়ে রইলেন মানবেন্দ্র। বাড়ির কর্তা বিছানা ছেড়ে উঠে মুখ ধুয়ে জাঁতি হাতে সুপারি কাটতে কাটতে আড়চোখে খানিক চেয়ে দেখতে দেখতে বললেন, ‘‘মশায়ের কী করা হয়?’’‘‘ছাত্র।’’‘‘দেখে তো মনে হয় না ভাল কিছু কাজ করেন। তা আগমনের হেতু?’’‘‘ইন্টার কলেজ কম্পিটিশনে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে। আপনার কাছে শিখব।’’‘‘প্রতিযোগিতা কবে?’’‘‘আজ বিকেলে।’’জর্জ বিশ্বাস শুনে বাক্যহারা। এ-ছেলে বলে কী!‘‘আমার কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায়। উনিই আপনার কাছে পাঠালেন।’’এর পর সদয় হলেন জর্জ বিশ্বাস। গান শেখাতে বসলেন— ‘ধরা দিয়েছি গো আমি আকাশেরও পাখি’। কিছুক্ষণ বাদে জর্জ অফিসে চলে গেলেন। কিন্তু তাঁর বোনকে বলে গেলেন, ‘‘যতক্ষণ না ওঁর গানটা ঠিক হচ্ছে, ছাড়বি না।’’সে আর আটকানো যায়নি। একটু বাদেই বোনের নিষেধ সত্ত্বেও চলে এসেছিলেন। কিন্তু বিকেলবেলা প্রতিযোগিতায় গিয়ে চমকে গেলেন। বিচারকদের চেয়ারে শৈলজারঞ্জন মজুমদার, অনাদি দস্তিদারের পাশে স্বয়ং দেবব্রত বিশ্বাস! মানবেন্দ্রকে দেখে উনি মুখ ঘুরিয়ে নিলেন। প্রতিযোগিতায় তাঁকে তিনি কোনও নম্বরও দেননি। কিন্তু সবার বিচারে প্রথম হলেন মানবেন্দ্রই।এর পর আবার সাদার্ন অ্যাভিনিউয়ের বাড়িতে দেখা করতে যেতেই জর্জ বললেন, ‘‘শুনুন, আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। এই আপনার প্রথম আর শেষ রবীন্দ্রসঙ্গীত গাওয়া। এ লাইন আপনার নয়।’’সেই থেকে পারতপক্ষে রবীন্দ্রনাথের গানের ধার মাড়াননি মানবেন্দ্র মুখোপাধ্যায়।চাপাডাঙার বউ’। কাহিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।চিত্রপরিচালক নির্মল দে নিজেই বললেন, ‘‘ছবিতে কাজ হতে পারে। কিন্তু তার আগে পরীক্ষা দিতে হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে।’’তত দিনে প্লে-ব্যাকে অল্পবিস্তর নামধাম হয়েছে। ‘সাড়ে চুয়াত্তর’-এ ছোট্ট একটু আহির ভৈরো আলাপ গেয়ে পরিচালক নির্মলবাবুর মন ছুঁয়েছেন। তাতেই ওই প্রস্তাব।যাওয়া হল তারাশঙ্করের টালা পার্কের বাড়ি। ব্যাঘ্রচর্মের ওপর বসে লাল ধুতি পরে লিখছেন তারাশঙ্কর। গলায় উপবীত। রুদ্রাক্ষ। আলাপ করিয়ে কথা পাড়তে মাথা না তুলেই নির্মলবাবুকে বলে দিলেন, ‘‘না, না হবে না। গল্পটা আমার খুব শক্ত। স্ক্রিপ্ট আমিই লিখছি। তুমি কোনও পাকা সঙ্গীত পরিচালককে আনো।’’এর পর আর কোনও কথা নেই। কিছুক্ষণ বাদে নিজে থেকেই তারাশঙ্কর বললেন, ‘‘আচ্ছা, দু’কলম লিখে দিচ্ছি। সুর করো তো।’’‘‘কিন্তু সিচ্যুয়েশনটা কী?’’যুবক-সঙ্গীতকারের এ-কথায় সেই প্রথম বোধ হয় থমকেছিলেন কাহিনিকার। মুখে শুধু বললেন, ‘‘মহাতাপ (উত্তমকুমার) গাজনে শিব সেজে নৃত্য করছে।’’গানের কথা হাতে নিলেন মানবেন্দ্র। — ‘শিব হে/অশিব শঙ্কর…।’এর পরই ঢাকের তাল মাথায় রেখে কীর্তনের ঢঙে সুর বেঁধে গাইতে লাগলেন। একেবারে দাঁড়িয়ে উঠে।কিছুক্ষণ বাদে দেখেন তারাশঙ্করও উঠে পড়েছেন। মুখে তাঁর তৃপ্তির হাসি। গান থামলে নির্মল দে-কে বললেন, ‘‘একদম ঠিক জনকেই এনেছ। এই-ই পারবে। আর কারও খোঁজ লাগবে না।’’গান নিয়ে ওঁর প্যাশনটা যে কী পর্যায়ের ছিল! কত বার হয়েছে, রেকর্ডিং করতে বসে কখনও সুরের গমকে কেঁদে ফেলেছেন। আবার সুর আসছে না, কথা ভাল লাগছে না বলে উত্তেজিত হয়ে পড়েছেন, এমনও হয়েছে।এক বার এমনই এক কারণে সুরকার নচিকেতা ঘোষের সঙ্গে বড়সড় ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিল প্রায়।সে বছর পুজোয় বিখ্যাত এক গানের মহলা। ‘বনে নয় মনে মোর’। রেকর্ডিং হবে একটু পরেই। অথচ নচিকেতার তৈরি মুখড়টা কিছুতেই পছন্দ হচ্ছে না।শেষে তবলিয়া রাধাকান্ত নন্দীকে মানবেন্দ্র বললেন, ‘‘তুই একটা টুকরো বাজা তো।’’ বাজালেন রাধাকান্ত। সেটাই গানের মুখে লাগালেন।এ বার মানবেন্দ্র-রাধাকান্ত দু’জনেরই খুব পছন্দ হল। নচিকেতা গেলেন রেগে। তক্কাতক্কি করে উঠেই গেলেন মহলা ছেড়ে।মহলা কিন্তু থামল না। রেকর্ডিংও হল। এই পুরো সময়টা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার অলক্ষ্যে গান শুনেছিলেন নচিকেতা। ধীরে ধীরে গানটা ওঁর মনে ধরে গেল। শেষে এসে জড়িয়ে ধরলেন মানবেন্দ্রকে।মায়ামৃগ’র গান বাঁধা হচ্ছে। গীতিকার শ্যামল গুপ্ত।মায়ামৃগ-র সময় শ্যামল গুপ্তকে মানবেন্দ্র বললেন, ‘‘নায়ক বিশ্বজিৎ নায়িকা সন্ধ্যা রায়ের প্রেমে পড়েছে। কিন্তু নায়কের সব কথাতেই ডাক্তারির প্রসঙ্গ এসে পড়ে। এমনকী প্রেম নিবেদনের সময়ও তাই। এটাকে মাথায় রেখে একটা গান লেখ।’’মানবেন্দ্র তখন ফার্ন রোডে ‘গীতবীথিকা’ নামে একটি স্কুলে গান শেখান। ক্লাসের পর সেখানে বন্ধু শ্যামলের সঙ্গে গান-আড্ডাও হয়।তেমনই এক রবিবারের বিকেলে শ্যামল গুপ্ত হাজির হলেন ফার্ন রোডে। সঙ্গে গান— ‘মেটেরিয়া মেডিকার কাব্য’। দেখে বললেন, ‘‘ছ্যা, এ কী লিখেছিস! এ একেবারে চলবে না। গান লেখা টুকরো কাগজটা হাতে নিয়ে মুচড়ে ছুড়ে ফেলে দিলেন জানলা দিয়ে। বন্ধু আর কী করেন! মুষড়ে গিয়ে চুপচাপ বসে পড়লেন।ঘণ্টা দুই গড়াল। গানের ক্লাস শেষ। ঘর ছেড়ে বেরিয়ে মানবেন্দ্র দেখলেন বন্ধু পাংশুমুখে বসে। বললেন, ‘‘নারে, গানটা তুই মন্দ লিখিসনি। দেখি এক বার!’’এ বার রাগে-অভিমানে শ্যামল বললেন, ‘‘তুই তো ফেলে দিলি রাস্তায়। আমার কাছে কোনও কপিও নেই। ট্রামে আসতে আসতে হাতে যা ছিল, তার ওপরে লিখেছিলাম…।’’তা হলে?তখন সন্ধে নেমে গেছে। রাস্তায় আলো প্রায় নেই। টর্চ হাতে তোলপাড় খোঁজ চলল তার মধ্যেই। শেষে দলা পাকানো টুকরো কাগজটার খোঁজ মিলল নর্দমার পাশে। এর পর ‘মেটেরিয়া মেডিকার’ জনপ্রিয়তা তো আকাশ ছুঁয়ে যায়। যেখানে অনুষ্ঠানে যেতেন, ‘মেটেরিয়া’ না শুনিয়ে রেহাই নেই। গানের লিপ দিতে মঞ্চে ডাক পড়ত বিশ্বজিতের।এই শ্যামল গুপ্তরই লেখা ‘আমি এত যে তোমায় ভালবেসেছি’। মানবেন্দ্র বলতেন, ‘‘ও আমার ভূতে পাওয়া গান।’’তখন রেডিয়োয় লাইভ ব্রডকাস্টের যুগ। ১ নম্বর গার্স্টিন প্লেস থেকে ইডেনে আসেনি আকাশবাণী। এক অনুষ্ঠান শেষে পরের অনুষ্ঠানের মাঝে অনেকটা ফাঁকা সময় থাকলে অফিসেই কাটিয়ে দিতেন অনেকেই।তেমনই এক দিনে ছাদে পায়চারি করতে করতে গুনগুন করে গান গাইছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। নিঝুম সন্ধেবেলা।ঠিক নীচে কবরখানার দিকটা জমাট কালো। ও-বাড়ির সাহেব-ভূতের গল্প বহুশ্রুত। তাতে ভ্রুক্ষেপ ছিল না তাঁর।হঠাৎ কেউ যেন ডেকে উঠল, ‘‘মানব, মানব।’’ চমকে পিছনে তাকিয়েদেখেন দুটো চোখ। জ্বলছে।— ‘‘কে?’’‘‘আমি শ্যামল। একটা গান লিখে ফেলেছি। শুনবি?’’একটু ধাতস্থ হয়ে বললেন, ‘‘বল।’’অন্ধকারে দাঁড়িয়েই শুনতে লাগলেন গানের কলি— ‘‘…তোমারকাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই/তোমার অধরে ওগো যে হাসির মধু মায়া ফোটে ওই/তারা এই অভিমান বোঝে না আমার…।’’সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। শেষ হতেই এক হাতে বন্ধুকে পাকড়ে ধরে সোজা পাঁচ নম্বর স্টুডিয়ো। ওখানে একটা গ্র্যান্ড পিয়ানো রাখা। সন্ধে পাঁচটার পর সে-ঘরের দরজা তালাবন্ধ থাকে। পিয়ানোর ডালায় চাবি দেওয়া। কিন্তু সে দিন যে কী হল!দরজার ‘ল্যাচ’ ঘোরাতেই খুলে গেল! ডালায় হাত দিয়ে ওঠাতে উঠে গেল! তাতে বসেই গানের মুখড়াটা করে ফেলেছিলেন মানবেন্দ্র।পুরো ব্যাপারটা নিয়ে বিস্ময়ের ঘোর জীবনের শেষ দিন অবধি তাঁর কাটেনি। কেবলই বলতেন, ‘‘ও আমার ভূতে পাওয়া গান।’’ছোট থেকে এত রকমের গানের মধ্যে দিয়ে গেছেন যে, পরে সেই ভিন্নতার রেশ পড়েছে তাঁর সুরের গড়নেও।ঠাকুর্দা গজেন্দ্রনাথ ছিলেন অসম্ভব সঙ্গীতরসিক মানুষ। রজনীকান্ত সেনের সঙ্গে একই মেসে থাকতেন। নিজে ভক্তিগীতি, হরিনামের গান গাইতেন। রজনীকান্ত গান লিখে গজেন্দ্রনাথকে দেখাতেন।বরিশালের উজিরপুরে ওঁদের যে দেশের বাড়ি, তার চণ্ডীমণ্ডপে গান লেগেই থাকত। রাধাকৃষ্ণের লীলাকীর্তন, রয়ানী গান, মনসামঙ্গলের আসর…। মাঝিমাল্লারাও গান গাইত। সারিন্দা বাজিয়ে। সারিজারি ভাটিয়ালি।— ‘আর কত দিন রইব দয়াল/নেবানি আমায়’। নমঃশুদ্র মাঝিরা গাইত হরে নামসংকীর্তন।বাবা অতুলচন্দ্র গানবাজনা না করলেও, তাঁরই উৎসাহে দুই কাকা রত্নেশ্বর আর সিদ্ধেশ্বর গানচর্চা করতেন। ওঁরাইছিলেন ‘মুখুজ্জে পরিবার’-এ কীর্তন, ধ্রুপদী গানের বাহক। কাকাদের সঙ্গে হরির লুঠের আসরে রূপানুরাগ, মান, মাথুর গাইতে যেতেন ও-বাড়ির পল্টন (মানবেন্দ্রর ডাক নাম)।কালীঘাটে জন্মেছেন, কিন্তু দেশের টান, তার সুর আমৃত্যুভোলেননি। বলতেন, ‘‘একটু যখন বড় হইলাম, দ্যাশের জন্য মন ক্যামন করলেই তখনকার বরিশাল এক্সপ্রেসে চাইপ্যা খুলনা হইয়া স্টিমারে ঝালকাঠি দিয়া দ্যাশের বাড়ি যাইতাম।’’এক দিকে এই মায়াটান, অন্য দিকে বাড়িতে ভীষ্মদেব চট্টোপাধ্যায়, বড়ে গোলাম আলিদের আনাগোনা। জ্ঞানপ্রকাশের ডিক্সন লেনের বাড়িতে যাতায়াত, বেগম আখতার কলকাতায় এলেই হত্যে দেওয়া, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলি আকবর খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ীর সংস্পর্শে আসা, সেতারবাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিবিড় বন্ধুতা— সব মিলিয়ে সুরের রামধনুতে যাঁর চলাচল, তাঁর রঙের খেলা যে বহুগামী হবে এ আর বিচিত্র কী!কাকা রত্নেশ্বরের ছিলেন কাজী নজরুল ইসলামের বন্ধু। কিশোর মানবেন্দ্রর কীর্তনে মুগ্ধ হয়ে নজরুল নিজে দু’টি গান শিখিয়ে দিয়েছিলেন— ‘সখী সাজায়ে রাখ লো পুষ্পবাসর’ আর ‘হে মাধব হে মাধব’।সেই নজরুলকে এক সময় বাঙালি যেন ভুলতে বসল! এই বিস্মরণ ক্রমে অসহ্য হয়ে উঠছিল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের। ঠিক করেছিলেন যেখানেই অনুষ্ঠানে যাবেন, নজরুলের গান গাইবেন।গ্রামাফোন কোম্পানিতে রেকর্ডিং অফিসার হয়ে এলেন সন্তোষকুমার সেনগুপ্ত। ডেকে পাঠালেন মানবেন্দ্রকে। নজরুলের প্রতি অবজ্ঞা তাঁকেও বিঁধছিল। ‘বেস্ট লভ সঙ্গস অব নজরুল’ এলপি করবেন তিনি। তাতে দুটি গান গাইলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়— ‘এত জল ও কাজল চোখে’ আর ‘বউ কথা কও’। এত বিক্রি হল যে কোম্পানি স্পেশাল ইপি করতে ডাকলেন। লেবেলে লেখা হল ‘নজরুল গীতি’। সেই প্রথম বার। আগে লেখা থাকত ‘সঙ্গস অব কাজী নজরুল’।মানবেন্দ্র নজরুলগীতি নব আন্দোলন শুরু করলেন। তবলায়রাধাকান্ত নন্দী। ‘বাগিচায় বুলবুলি তুই’, ‘এত জল ও কাজলচোখে’, ‘কেন আনো ফুলডোর’, ‘মুসাফির মোছ রে আঁখিজল ফিরে চল’,‘ভরিয়া পরাণ শুনিতেছি গান’ বাংলা গানকে সুরের বন্যায়ভাসিয়ে দিল।শেষ জীবনে নজরুল তখন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। সে সময়ের কথা বলতে গিয়ে মানবেন্দ্র এক জায়গায় বলেছিলেন, ‘‘৭১ সালে বঙ্গবন্ধু (মুজিবর রহমান) এলেন বাংলায়। সে বার ক্রিস্টোফার রোডে গাইতে গেলাম কবির জন্মদিনে। রাধাকান্ত নন্দীকে নিয়ে। সেজেগুজে বসে আছেন নীরব কবি। কী ট্র্যাজিক সেই নীরবতা! ‘কুহু কুহু কুহু কোয়েলিয়া’ দিয়ে শুরু করে কত গান গেয়েছিলাম। কবির দু’চোখে জলের ধারা। কোনও কথা নেই মুখে।’’

Comments